রাজনীতি

ট্রাইব্যুনালে জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন— ঢাবি অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত। অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানবীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের হামলার নেপথ্যে উসকানি, ষড়যন্ত্র এবং অপরাধে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে এই ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর অভিযুক্ত কিছু শিক্ষক ও ব্যক্তি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সাবর্ডিনেটদের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

সিটিটিসির গোপন আটক ও গুমের ঘটনায় আরও এক চার্জ

এদিকে, বুধবার অপর একটি মামলায় পাঁচজনের বিরুদ্ধে আরও একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিরুদ্ধে ধর্মীয় মনোভাবাপন্ন যুবকদের গুম করে ‘আয়নাঘর’ বা গোপন স্থানে আটক রাখা এবং পরবর্তীতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে হত্যা বা লাশ গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই চার্জ দাখিল করা হয়।

এছাড়া, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় পলাতক ৩০ জন আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতি ঘোষণা করে আইনগত প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment