অন্যান্য

উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: ২০ লাখ মানুষের নিরাপত্তায় মাত্র ১৮৩ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকায় দিন দিন অবনতি ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। দিনেদুপুরে সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাস ও বাজার থেকে মানুষ অপহরণ করে মুক্তিপণ দাবির মতো গুরুতর অপরাধ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচার, চাঁদাবাজি ও ছিনতাই বাড়লেও তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ছয় শ বর্গকিলোমিটার আয়তনের এই দুই উপজেলায় স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা মিলিয়ে মোট জনসংখ্যা ২০ লাখের বেশি। অথচ এই বিশাল জনগোষ্ঠীর আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন মাত্র ১৮৩ জন পুলিশ সদস্য। অর্থাৎ, গড়ে প্রতি ১১ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মাত্র একজন পুলিশ সদস্য।

পুলিশ জানায়, উখিয়া ও টেকনাফ থানায় জনবলের তুলনায় মামলার চাপ অস্বাভাবিক বেশি। একজন তদন্ত কর্মকর্তাকে একযোগে ৪০ থেকে ৪৫টি পর্যন্ত মামলার তদন্ত করতে হচ্ছে। এর ফলে দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ বা জরুরি প্রয়োজনে ৯৯৯-এ কল করেও দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা কেবল জনবল বৃদ্ধি নয়, বরং সীমান্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি, ড্রোন নজরদারি ও জিপিএসভিত্তিক টহল চালুর ওপর জোর দিয়েছেন। পাশাপাশি কচ্ছপিয়া, হোয়াইক্যং ও ইনানীতে নতুন তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment