অন্যান্য

বাসস মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষণ: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান কাদের গনি চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলার আহ্বান জানিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতা কোনো অবস্থাতেই সত্য-মিথ্যার সংমিশ্রণে হতে পারে না; এটি হলো সত্যের আরাধনা।

বুধবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাসসের মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাসসের ৪০ জন মফস্বল সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন।

মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের প্রধান শর্ত হলো জনগণের প্রতি দায়িত্বশীল থাকা এবং অসত্য সংবাদ বর্জন করা। তথ্য সংগ্রহ ও প্রকাশের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করা এবং অন্যায়-অনিয়ম তুলে ধরে ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতাভুক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, ভালো সাংবাদিক হতে হলে নিয়মিত বই ও সংবাদপত্র পড়ার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে অভিহিত করে তিনি সতর্ক করেন, কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না, কারণ জনগণ দাসত্বের সাংবাদিকতাকে সবসময় ঘৃণা করে। সংবাদপত্রকে ‘পিপলস পার্লামেন্ট’ বা জনগণের চলমান সংসদ হিসেবে উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকরা প্রতিদিন শিক্ষার্থীর মতো পরীক্ষা দেন এবং দেশের সচেতন জনগণই তাদের মূল পরীক্ষক।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। এ সময় ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment