রাজনীতি

খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান | দৈনিক পূর্বাচল

  • দৈনিক পূর্বাচল

স্টাফ রিপোর্টার, খুলনা:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক দিনের সফরে খুলনা ও বাগেরহাটে পৌঁছেছেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাওয়ার পথে বাগেরহাট জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।

খুলনা সফরকালে জেলা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সারাদেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সমগ্র খুলনা ও বাগেরহাট অঞ্চলে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পরিচ্ছন্ন ও সুসজ্জিত করা হয়েছে পুরো খুলনা মহানগরী।

খুলনা জেলা স্টেডিয়াম ও তার আশপাশের সড়কগুলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর রং-বেরংয়ের ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। নগরীর শিববাড়ী মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত রাস্তার দু’পাশের দেয়ালে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। এসব চিত্রে ফুটে উঠেছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি।

তবে নজিরবিহীন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিয়ে নজর কেড়েছে বর্তমান প্রশাসন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরজুড়ে টাঙানো সকল তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে নেতাকর্মীদের যত্রতত্র টাঙানো ব্যানার-ফেস্টুন। এবারই প্রথম সরকার প্রধানের আগমনে নগরীর রাস্তায় কৃত্রিম তোরণ ও ব্যানারের জটলা দেখা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্ন ও সাফল্যমণ্ডিত করতে সমগ্র খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment