নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল:
সিলিন্ডার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক সমাজের অন্যতম প্রতিনিধি নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, সরকারের অযোগ্যতার সুযোগে দেশের ১৮ কোটি মানুষ গুটিকয়েক গ্যাস সরবরাহকারী কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে। একই সাথে তিনি এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, অবৈধ সিন্ডিকেটকে অনৈতিক সুবিধা দিতেই বারবার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণে পৌঁছেছে। বারবার মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য বা যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোতে এখনও বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।
তিনি আরও গভীর উদ্বেগ প্রকাশ করে লেখেন, সরকার যে দাম নির্ধারণ করে দিচ্ছে, বাজারে সেই নির্ধারিত দামেও কোথাও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ।
দেশের জ্বালানি খাতের এই অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


