APORAD

পুলিশের গাড়িতে আগুন ও নাশকতা: ডিবির জালে ২৬, নেপথ্যে সাবেক এমপির ভাগনে আলিফ মোল্লা

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল:

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির দাবি, এই সহিংসতার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ছবি ও ভিডিও পাঠিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের অর্থায়ন করা হতো বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার ডিএমপির ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডিবির হাতে গ্রেফতার ১১ জনের মধ্যে অন্তত তিনজনের মুঠোফোন থেকে গাড়ি পোড়ানোর ছবি ও ভিডিও আলিফ মোল্লার নির্দিষ্ট নম্বরে পাঠানো হয়েছিল। পরবর্তীতে ওই নম্বর থেকে প্রত্যেকের মোবাইলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নেটওয়ার্কে নাশকতার ছক পুলিশ সদর দফতরের একটি সূত্রের বরা୍ত দিয়ে জানা যায়, মিরপুর, সাভার ও আশুলিয়ায় নাশকতা সৃষ্টির জন্য প্রায় ২৫টি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা হচ্ছিল। এসব গ্রুপের মাধ্যমেই কোন এলাকায় পুলিশ অবস্থান করছে এবং কোথায় জড়ো হয়ে কী ধরনের তাণ্ডব চালাতে হবে, তার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হতো।

রোববার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট পাঁচটি মামলা দায়ের করেছে। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা এক হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

শ্রমিকদের ন্যূনতম মজুরি দাবি ও বর্তমান পরিস্থিতি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে ঢাকা, গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এরই মধ্যে রোববার সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

প্রশাসনের দাবি, সাধারণ শ্রমিকদের অন্তরালে মুখোশধারী কিছু কুচক্রীমহল আন্দোলনে ঢুকে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। সোমবার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের সমর্থিত পক্ষগুলো নিরীহ শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে এসব ঘটনার নেপথ্য ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে।

এদিকে সোমবার মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় জলকামান ও দাঙ্গা নিয়ন্ত্রণের যান নিয়ে ব্যাপক প্রস্তুতি ও সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের কঠোর পদক্ষেপে শ্রমিকরা বড় ধরনের বিক্ষোভ করতে না পারায় মিরপুর এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment