অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, সুযোগ পেলে কমানো হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক পূর্বাচল।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে এবং সুযোগ তৈরি হলে বর্তমান দামের চেয়েও জ্বালানি তেল কমানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি জেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবেশী দেশের সঙ্গে দামের ব্যবধানের কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম রয়েছে। দামের বড় ধরনের ব্যবধান থাকলে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকানো কঠিন হয়ে পড়ে। মূলত বিকল্প কোনো পথ না থাকায় সরকার বাধ্য হয়ে অতীতে দাম সমন্বয় করেছিল।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশেও সে অনুযায়ী দাম সমন্বয় করা হবে। সুযোগ তৈরি হলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সরকার আন্তরিক রয়েছে।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি জামায়াতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দলটি বিরোধী দলের ভূমিকা থেকে সরে এসে একধরনের ‘জালিমে’ পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদী আচরণ করছে। তবে এ ধরনের রাজনৈতিক আচরণের জবাব দেশের জনগণই দেবে বলে মন্তব্য করেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment