নিজস্ব প্রতিবেদক, ডেইলি পূর্বাচল
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের ইন্ধনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনের ১৪শ হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনাকে ভারত হস্তান্তর করছে না এবং তাকে আশ্রয় দেওয়ার পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরপরই আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়াও এই ষড়যন্ত্রেরই একটি অংশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় দেশের মানুষ।
দেশের অর্থনীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নানা সংকটের মধ্যেও রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার বলে উল্লেখ করেন তিনি।


