জীবননগর ও মহেশপুর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ২-২ গোলে ড্র

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে জীবননগর প্রেসক্লাব ও প্রেসক্লাব মহেশপুরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবল ও দর্শকদের উপস্থিতিতে রোমাঞ্চকর এ ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়।

খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনী।

ম্যাচের শুরু থেকেই দুই দলই নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দুটি করে গোল করতে সক্ষম হলে ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় মাঠ ছাড়ে।

খেলা শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মব্যস্ত জীবনে মানসিক রিফ্রেশমেন্টের জন্য ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রীতি ম্যাচে প্রেসক্লাব মহেশপুরের পক্ষে মাঠে নামেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনী, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, জীবননগর প্রেসক্লাবের পক্ষে খেলায় অংশ নেন সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম কাজল, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, সম্রাট হোসেন, আহমদ সগীর এবং আল আমীন।

ম্যাচটি উপভোগ করতে মাঠে জীবননগর ও মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   7   =