ভৈরবে কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু, আক্রান্ত মা-ও! | দৈনিক পূর্বাচল

ভৈরব প্রতিনিধি (দৈনিক পূর্বাচল): কিশোরগঞ্জের ভৈরবে কুড়িয়ে পাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে নিহত শিশুর মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের দাবি। তিনি বর্তমানে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রবিউল মিয়া ভৈরব পৌর শহরের কালিপুর গ্রামের দক্ষিণ পাড়ার মিজান মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন বাড়ির সামনে খেলছিল শিশু রবিউল। ওই সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি বিস্কুটের অর্ধেক অংশ খেয়ে বাকিটা ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে শিশু রবিউল না বুঝে মাটিতে পড়ে থাকা কুকুরের খাওয়া ওই অবশিষ্ট বিস্কুটটি কুড়িয়ে খেয়ে ফেলে। এর কিছুদিন পর থেকেই তার শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত ঢাকা পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

এদিকে, সন্তানের সেবা করতে গিয়ে মা রুনা বেগমও জলাতঙ্কের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের লালা মিশ্রিত খাবার বা সংস্পর্শের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   4   =