দর্শনায় পুলিশের ৩ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও মাদকসেবী গ্রেফতার: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে দুই মাদকসেবী ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে অপরাধের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে দর্শনা থানা পুলিশের পৃথক দল এই অভিযানগুলো পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ শাহীদুর রহমানের নেতৃত্বে শান্তিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সুগন্ধা মাঠসংলগ্ন এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় মোবারকপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আবুয়া (৪৪)-কে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে বিজ্ঞ আদালত মাদক কারবারের অপরাধে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে দর্শনা থানাধীন বড় শলুয়া হাটখোলা পুরাতন বাজারের একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে মাদক সেবনের সময় স্থানীয় জনতা তেঘরী গ্রামের সিরাজুর ইসলামের ছেলে মো. উজ্জল (৩৬)-কে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে এসআই শেখ শাহীদুর রহমান তাকে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে আদালত সংক্ষিপ্ত বিচারে মাদকসেবী উজ্জলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে একই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে আকন্দবাড়ীয়া জামে মসজিদের পাশের তিন রাস্তার মোড়ে মাদক সেবনের সময় স্থানীয় জনতা রাঙ্গিয়ারপোতা গ্রামের কাছেদ আলীর ছেলে মো. আশিকুর রহমান (২৭)-কে আটকে রাখে। খবর পেয়ে দর্শনা থানার এসআই মো. আমানত উল্লাহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নেন। পরে বিজ্ঞ আদালত আশিকুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে দর্শনা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।”

দর্শনা পুলিশের এমন ঝটিকা ও ধারাবাহিক অভিযানে স্থানীয় সচেতন মহল গভীর সন্তোষ প্রকাশ করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর ও আপসহীন অবস্থান অব্যাহত থাকলে সমাজে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   6   =