নিজস্ব প্রতিবেদক, চকরিয়া: মাতামুহুরী নদীর তীব্র স্রোত আর ভয়াবহ ভাঙনে কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ জনপদ এখন বিপর্যস্ত। চোখের নিমেষে বিলীন হয়ে গেছে বহু পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে চকরিয়ার প্লাবিত এলাকা ও নদীর তীরে ঘরবাড়ি হারানো মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত ও দুর্গত এলাকা চষে বেড়ান। স্বরাষ্ট্রমন্ত্রী সরেজমিনে পরিদর্শন করেন ফাঁসিয়াখালী, বরইতলী, পহরচাঁদা, হারবাং, কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়ার মতো চরাঞ্চল ও তীব্র নদীভাঙন কবলিত এলাকাগুলো।
এ সময় নদীর করাল গ্রাসে ঘরবাড়ি ও ভিটেমাটি হারানো মানুষের আর্তনাদ স্বচক্ষে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি নিজ হাতে বানভাসি ও দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি তুলে দেন।
প্লাবিত এলাকার অসহায় মানুষের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জনগণের সরকার, তাই সবসময় আপনাদের পাশেই আছি। যেকোনো দুর্যোগ মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি দলীয়ভাবেও আমরা নিরলস কাজ করছি। এই বিপদে আপনাদের একা ফেলে যাব না, সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

