দৈনিক পূর্বাচল ডেস্ক
আজকের ফুটবলে গোললাইন প্রযুক্তি, ভিএআর এবং মাঠে থাকা অসংখ্য ক্যামেরার যুগে বল বাইরের দিক থেকে জালের ভেতরে ঢুকে গেলেও তা গোল হিসেবে টিকে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তিন দশকেরও বেশি সময় আগে, ১৯৯২ সালের আর্জেন্টাইন ফুটবলে ঘটেছিল ঠিক তেমনই এক বিস্ময়কর ঘটনা। বাইরে থেকে ছোড়া শট জালের ছিদ্র গলে গোলের ভেতরে প্রবেশ করলেও রেফারি সেটি গোল হিসেবেই স্বীকৃতি দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মারিয়ানো দাল্লা লিবেরার সেই বিতর্কিত অথচ স্মরণীয় গোলটি আর্জেন্টিনার ফুটবল মহলে এখনো কৌতূহল জাগায়।
ঘটনাটি ১১ অক্টোবর ১৯৯২ সালের। বুয়েনস আইরেসের পার্ক পাত্রিসিওস এলাকার টমাস এ দুকো স্টেডিয়ামে অ্যাপার্তুরা টুর্নামেন্টের দশম রাউন্ডের ম্যাচে হিম্নাসিয়া লা প্লাতার বিপক্ষে মাঠে নেমেছিল হুরাকান। ম্যাচের শুরুতে গিলের্মো ব্যারোস শেলোত্তোর গোলে এগিয়ে ছিল হিম্নাসিয়া। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টায় থাকা হুরাকানের হয়ে ৩০ গজেরও বেশি দূরত্ব থেকে ডান পায়ে নিচু ও শক্তিশালী শট নেন মারিয়ানো দাল্লা লিবেরা। কিন্তু বলটি সরাসরি গোলমুখে না গিয়ে গোলরক্ষক হের্নান ক্রিস্তান্তের ডান পোস্টের পাশ কাটিয়ে বাইরের জালের অংশে আঘাত করে এবং জালের ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ে।
মাঠে থাকা কারও চোখেই সেই অদ্ভুত দৃশ্যটি ধরা পড়েনি। রেফারি হুয়ান বাভা গোলের সংকেত দিয়ে মাঝমাঠের দিকে নির্দেশ করেন। উল্লাসে ফেটে পড়েন দাল্লা লিবেরা ও তাঁর সতীর্থরা, আর হিম্নাসিয়ার খেলোয়াড়েরাও খেলা পুনরায় শুরুর প্রস্তুতি নেন। সে সময় আর্জেন্টিনার অত্যন্ত জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান ‘ফুতবোল দে প্রিমেরা’-র ধারাভাষ্যেও মুহূর্তটিকে দারুণ এক গোল হিসেবেই তুলে ধরা হয়েছিল। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে নিষ্পত্তি হয়। হুরাকানের পক্ষে পরের গোলটি করেন হুগো মোরালেস এবং হিম্নাসিয়ার হয়ে সমতা টানেন পাবলো বেঙ্গোচেয়া।
তবে ম্যাচ শেষে টেলিভিশনের পর্দায় পুনঃপ্রচারে স্পষ্ট হয় আসল চিত্র—বলটি গোলপোস্টের ভেতর দিয়ে নয়, বরং জালের ত্রুটিপূর্ণ অংশ গলে ভেতরে ঢুকেছিল। ধারণা করা হয়, ম্যাচ শুরুর আগে জাল পরীক্ষা করার আনুষ্ঠানিকতায় ঘাটতি থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ভুল ঘটেছিল। সে রাতেই ‘ফুতবোল দে প্রিমেরা’র স্টুডিওতে উপস্থিত হয়ে বড় পর্দায় রিপ্লে দেখার পরও রসিকতার ছলে নিজের গোলটির পক্ষে মজাদার যুক্তি সাজিয়েছিলেন দাল্লা লিবেরা। ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ভিন্ন এক পেশায়—মাস্টার শেফ হিসেবেও পরিচিতি পান তিনি।


