দৈনিক পূর্বাচল ডেস্ক
মা ও ছেলের আবেগঘন গল্পে নির্মিত কালজয়ী বাংলা চলচ্চিত্র ‘আম্মাজান’ ১৯৯৯ সালের ২৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কাজী হায়াৎ পরিচালিত সিনেমাটি মুক্তির পর যেমন দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে, তেমনি বক্স অফিসেও বছরের অন্যতম সফল ব্যবসািক ছবি হিসেবে জায়গা করে নেয়। প্রধান চরিত্র ‘আম্মাজান’-এ শবনম এবং তাঁর ছেলের ভূমিকায় প্রয়াত নায়ক মান্নার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর দাগ কাটে। শবনম দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা করলেও এই ছবির পর থেকেই তিনি অনেকের কাছে ‘আম্মাজান’ অভিধায় পরিচিত হয়ে ওঠেন।
তবে শুরুতে এই গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য শাবানাকেই ভেবেছিলেন নির্মাতা। গল্প শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেছিলেন শাবানা এবং নিজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে ছবিটির সাফল্যের আভাসও পেয়েছিলেন। তবু শেষ মুহূর্তে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। ঠিক কী কারণে শাবানা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই অজানা অধ্যায়ই সম্প্রতি তুলে ধরেছেন পরিচালক কাজী হায়াৎ।
পুরোনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে কাজী হায়াৎ জানান, ‘আম্মাজান’ চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন শাবানা। গল্প শোনানোর পর তিনি কেঁদে ফেলেন এবং তৎক্ষণাৎ রাজি হয়ে পরদিন শিডিউল নেওয়ার কথা বলেন। বিষয়টি জানার পর ছবির প্রযোজক ডিপজল সাইনিং মানির অর্থও তুলে দেন কাজী হায়াতের হাতে।
কিন্তু পরদিন সাইনিং মানি দিতে গিয়ে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েন এই নির্মাতা। কাজী হায়াতের ভাষ্য অনুযায়ী, এফডিসির ৮ নম্বর ফ্লোরে শাবানার শুটিং চলাকালে তিনি সেখানে যান এবং অপেক্ষা করেন। শাবানা তাঁকে দেখেও কথা না বলায় কয়েকবার এমন দৃশ্য ঘটে। একপর্যায়ে সামনে গিয়ে কথা না বলার কারণ জানতে চাইলে এবং সাইনিং মানির কথা তুললে শাবানার চোখ ছলছল করে ওঠে।
কাজী হায়াৎ জানান, ‘ঈমান’ চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করার সুবাদে শাবানা তাঁকে ‘হায়াৎ’ বলে ডাকতেন। সেদিন আবেগতাড়িত কণ্ঠে শাবানা জানান, তিনি সিনেমাটি করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেন, সহশিল্পী নায়কদের ‘আম্মাজান’ ছবিতে মান্নার মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন শাবানা। কিন্তু তাঁর সঙ্গে জুটি বাঁধা নায়কেরা বিষয়টি মেনে নিতে পারেননি এবং ছবিটি করতে নিষেধ করেন। তাঁদের যুক্তি ছিল, মান্নার মা চরিত্রে অভিনয় করলে এরপর আর তাঁরা শাবানাকে নায়িকা হিসেবে পাবেন না।
ছবিটির ভবিষ্যৎ নিয়ে শাবানা যে নিশ্চিত ছিলেন, তা-ও উল্লেখ করেন কাজী হায়াৎ। তাঁর মতে, দুঃখ ভারাক্রান্ত মনে শাবানা বলেছিলেন, সিনেমাটি অনেক প্রশংসা ও সাফল্য পাবে বলে তিনি জানেন, কিন্তু নানা সীমাবদ্ধতায় কাজটি করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
শাবানা সরে যাওয়ার পর নতুন করে বিকল্প খুঁজতে শুরু করেন কাজী হায়াৎ। একপর্যায়ে শবনমের সঙ্গে যোগাযোগ করে গল্প শোনালে তিনি অভিনয়ে সম্মতি দেন। এরপরই নির্মিত হয় ‘আম্মাজান’, যা আজও বাংলা সিনেমার ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হয়ে আছে এবং মান্নার ক্যারিয়ারেও যুক্ত করেছে অনন্য মাত্রা।


