পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল :
রাজশাহীর পুঠিয়ায় এক বিএনপি নেতার শ্বশুরবাড়িতে ভাড়া থাকা অবস্থায় নাটোরের যুবলীগ নেতা হাবিবুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
রাজশাহীর পুঠিয়ায় এক বিএনপি নেতার শ্বশুরবাড়িতে ভাড়াটিয়া হিসেবে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ওই নেতার নাম মো. হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। কাঁঠালবাড়িয়া এলাকার যে বাড়িটি থেকে তাকে ধরা হয়, সেটির মালিক আব্দুর রশিদ। তিনি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর।
এলাকাবাসী জানান, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন। সাম্প্রতিক সময়ে বাড়িটিতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খোঁজখবর নিয়ে তার রাজনৈতিক পরিচয় ও মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে এলাকাবাসী তাকে ঘেরাও করে আটক করেন।
আটকের পর উত্তেজিত কয়েকজন তাকে মারধর করলে স্থানীয় বিএনপি নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয় এবং রাতেই নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে, পলাতক এক যুবলীগ নেতাকে আশ্রয় দেওয়ার ঘটনায় বাড়ির মালিকের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা অভিযোগ করেন, ওই বাড়িতে অপরিচিতদের যাতায়াত নিয়ে এলাকাবাসী আগে থেকেই সন্দিহান ছিলেন। বৃহস্পতিবার রাতে একাধিক মামলার আসামি হাবিবুর রহমানের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
মাসুদ রানা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি খতিয়ে দেখে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। তার অভিযোগ, পুলিশ বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি বাড়িটিতে কোনো তল্লাশিও চালানো হয়নি। তবে এ বিষয়ে বক্তব্য জানতে বাড়ির মালিক আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে আশ্রয়দাতা হিসেবে বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি নাটোর সদর থানার ওসি ভালো বলতে পারবেন।


