জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল :

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার একটি চিঠিতে স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ওই চিঠি যাচাই করে স্বাক্ষর জালিয়াতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

গত ৯ নভেম্বর ম্যাট্রিক্স চেম্বার্স থেকে বাংলাদেশের হাইকমিশনে একটি চিঠি পাঠানো হয়। ওই আবেদনে শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও এনআইডি বাতিল করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

তবে চিঠিতে থাকা স্বাক্ষর নিয়ে গুরুতর প্রশ্ন ও জালিয়াতির অভিযোগ তুলেছেন রাশেদ খান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

রাশেদ খানের দাবি, বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। ওই কর্মকর্তা তাকে জানিয়েছেন, পাঠানো চিঠিটি পরীক্ষা-নিরীক্ষা করার পর স্বাক্ষরে অসংগতি ও জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে।

নিজের পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, শেখ হাসিনা আগে বিভিন্ন দাপ্তরিক ও সরকারি কাগজপত্রে বাংলায় স্বাক্ষর করতেন, কিন্তু আলোচিত চিঠির স্বাক্ষরের ধরন তা থেকে আলাদা। তার মতে, জাতীয় পরিচয়পত্রে সংরক্ষিত বা পূর্বে ব্যবহৃত স্বীকৃত স্বাক্ষরের সঙ্গে মিল রেখেই এমন আবেদন করতে হয়; ভিন্ন বা জাল স্বাক্ষর ব্যবহারের কোনো সুযোগ নেই।

এ ঘটনাকে কেন্দ্র করে ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বাংলায় স্বাক্ষর করেন—এ বাস্তবতা প্রতিষ্ঠানটির আইনজীবীদের জানা থাকা উচিত ছিল এবং চিঠি পাঠানোর আগেই স্বাক্ষরের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যেত।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment