ক্রীড়া ডেস্ক, দৈনিক পূর্বাচল:
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে বিশ্বজয়ী মহাতারকা লিওনেল মেসির। নিজের বাণিজ্যিক স্বার্থ ও ভাবমূর্তি রক্ষায় এবার নিজ দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) ক্লারিনের সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কির প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, এএফএ’র বর্তমান নেতৃত্বের সঙ্গে মেসির ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। অনুমতি ছাড়া নিজের নাম, ছবি কিংবা ভিডিও ব্যবহার করে বাণিজ্যিক মুনাফা লুটের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনজীবীদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নোটিশের খসড়া প্রস্তুত করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
মেসির ঘনিষ্ঠ সূত্র ও পরামর্শকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ যাতে ভবিষ্যতে মেসির সম্মতি ছাড়া তার কোনো পরিচিতিমূলক উপাদান বিজ্ঞাপনে ব্যবহার না করে, সেই বিষয়েই মূলত এই আইনি সতর্কবার্তা। তবে নোটিশটি ইতিমধ্যে এএফএ দপ্তরে পাঠানো হয়েছে, নাকি কেবল খসড়া পর্যায়েই রয়েছে—তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।
দ্বন্দ্বের সূত্রপাত মূলত একটি বাণিজ্যিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে। জানা যায়, গত বিশ্বকাপের সময় এএফএ’র স্পনসর আর্জেন্টিনার একটি স্থানীয় বিয়ার ব্র্যান্ডের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করা হয়। অথচ ২০২৩ সালের ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিয়ার ব্র্যান্ড ‘মাইকেলব আলট্রা’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন মেসি।
এএফএ’র এই কাণ্ডের ফলে নিজের ব্যক্তিগত পৃষ্ঠপোষকদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল মেসিকে। বিষয়টি সম্পর্কে মেসি আগে থেকে অবগত না থাকায় এবং বোর্ড সভাপতি ক্লদিও তাপিয়া কীভাবে এর অনুমতি দিলেন—তা নিয়ে চরম ক্ষুব্ধ মেসির শিবির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেসি বা এএফএ’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


