অর্থনীতি

. মোহাম্মদপুর-বসিলাসহ সারাদেশে নির্ধারিত দামের দ্বিগুণে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক দাম বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর কোথাও তা কার্যকর হচ্ছে না। মোহাম্মদপুর, আদাবর, বসিলাসহ বিভিন্ন এলাকায় সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ২শ থেকে ৬শ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার। কোথাও কোথাও ক্রেতাদের ২৫০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে চিত্র

মোহাম্মদপুরের রিং রোডের কৃষি মার্কেট এলাকার মোল্লা এন্টারপ্রাইজের বিক্রেতা মো. দিদারের কাছে ১২ কেজি সিলিন্ডারের দাম জানতে চাইলে তিনি একদাম ২ হাজার ৪০০ টাকা দাবি করেন এবং বাসায় পৌঁছে দিতে অতিরিক্ত ৫০ টাকা চান। বেশি দামে কেনার অজুহাত দেখিয়ে তিনি সাফ জানিয়ে দেন, না পোষালে অন্য কোথাও দেখতে।

একই চিত্র মোহাম্মদপুরের সংলগ্ন বসিলা এলাকার বিভিন্ন দোকানেও। বসিলার স্থানীয় খুচরা বিক্রেতারাও সরকারি দাম না মেনে প্রতি সিলিন্ডার গ্যাস ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫00 টাকায় বিক্রি করছেন। এর একটু দূরে আদাবরের রহমতুল্লাহ এন্টারপ্রাইজের মালিক রহমতুল্লাহ একই ওজনের এলপিজির দাম চান ২ হাজার ২০০ টাকা। অন্যদিকে মোবাইল ফোনে দাম জানতে চাইলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের বি এম এন্টারপ্রাইজের মালিক মো. ইউসুফ জানান, দামাদামি না করলে ২ হাজার ৪০০ টাকা পড়বে।

সরকারি নির্ধারিত দাম বনাম বাজারের বাস্তব চিত্র

মাত্র এক দিন আগে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা পর্যায়ে এর কোনো প্রভাব নেই। মিরপুর-১ এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, বাধ্য হয়ে তাকে ২৫০০ টাকায় এক সিলিন্ডার গ্যাস কিনতে হয়েছে। শুধু রাজধানী নয়, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা শহরেও ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বাণিজ্যিক ব্যবহারকারী বা বড় সিলিন্ডারগুলোর (৩০ ও ৪৫ কেজি) ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে।

অভিযান ও সংশ্লিষ্টদের বক্তব্য

অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মুন্সীগঞ্জ, গাইবান্ধা, বরিশাল ও সাভারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ধারাবাহিক অভিযান পরিচালনা করে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

খাতসংশ্লিষ্টদের মতে, দেশে প্রায় ১ কোটি এলপিজি গ্রাহক রয়েছেন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অপারেটরদের সংগঠন লোয়াবের তথ্যমতে, আগস্ট ও সেপ্টেম্বরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস আমদানি হলেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তবে লোয়াবের সভাপতি আমিরুল হক দাবি করেছেন, আমদানিকারকরা সরকার নির্ধারিত দামেই ডিলারদের কাছে গ্যাস বিক্রি করছেন; কারসাজি যা হওয়ার তা খুচরা পর্যায়ে হচ্ছে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, কমিশন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment