দৈনিক পূর্বাচল
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬
দেশের বর্তমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
দেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত হামলা মোকাবিলা এবং অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
জাতীয় ঐক্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপের দাবি
নাহিদ ইসলাম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সরকার ইতিমধ্যেই ঐক্যের আহ্বান জানিয়েছে। তবে ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা দলগুলোকে নিয়ে একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা এখন অত্যন্ত জরুরি।”
তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো একক দলীয় রাজনৈতিক লড়াই নয়; বরং দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার লড়াই। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।
সংবিধান সংস্কার ও এনসিপির প্রস্তাব
বৈঠকে এনসিপির পক্ষ থেকে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি বাতিলের জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের আনুষ্ঠানিক শপথের আহ্বান জানান দলটির নেতারা। প্রধানমন্ত্রী এনসিপির এই দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম।
ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্তে আওয়ামী সন্ত্রাস
প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “ভারত নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে। চলমান এই সংকট এখন কেবল আওয়ামী লীগ বনাম বিএনপি কিংবা এনসিপির রাজনৈতিক বিরোধ নয়; এটি সরাসরি বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্ন।”
তিনি অভিযোগ করেন, ভারতীয় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতের সীমান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমাবেশ করছে এবং সেখানে পলাতক আওয়ামী লীগ নেতারাও অংশ নিচ্ছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশ সম্পর্কে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গঙ্গা চুক্তি ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার তাগিদ
নাহিদ ইসলাম জানান, বৈঠকে ভারতের সাথে আসন্ন গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো প্রকার আপস না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশী, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার জন্য কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানায় এনসিপি।
বৈঠকে উপস্থিত ছিলেন যারা
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, ফ্যাসিবাদের আস্ফালন দমন, জুলাই বিপ্লবের বিচার প্রক্রিয়া গতিশীল করা এবং গঙ্গা চুক্তিসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন।


