দৈনিক পূর্বাচল ডেস্ক |
শিল্পাঞ্চলের অস্থিরতায় ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এবং ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরে গেছে বলে জানিয়েছে বিজিএমইএ।
শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিতিশীলতা, সড়ক অবরোধ ও নানা প্রতিবন্ধকতার কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বড় ধরনের আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি পোশাক কারখানার সরাসরি উৎপাদন ব্যহত হয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে সরবরাহ শৃঙ্খলে অনিশ্চয়তার কারণে বিদেশি ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের নিশ্চিত করা ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালিত এক জরুরি জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে চার দিন ধরে সদস্য কারখানাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলা অস্থিরতা, যাতায়াত বিঘ্ন এবং কারখানা পরিচালনার নানা বাধার কারণে সৃষ্ট ক্ষতির একটি প্রাথমিক হিসাব তৈরি করা হয়েছে।
কারখানা বন্ধ ও উৎপাদন লোকসান বিজিএমইএর জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য বিশ্লেষণে দেখা যায়, আলোচিত ১৮ দিনে শিল্পাঞ্চলের অস্থিরতার জেরে প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকায় বিপুল পরিমাণ স্থায়ী ব্যয় ও পরিচালন লোকসানের মুখে পড়েছেন উদ্যোক্তারা। শুধু এই ৩১৭টি কারখানারই এফওবি (FOB) মূল্যমানে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। শ্রমিক অসন্তোষ, বিভিন্ন দাবিতে সৃষ্ট উত্তেজনা এবং পরিবহন সংকটের কারণে অনেক কারখানায় শ্রমিক উপস্থিতি বিঘ্নিত হয়েছে। আবার নিরাপত্তার কথা বিবেচনা করেও কর্তৃপক্ষকে সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে রপ্তানি সময়সূচিতে।
রপ্তানি সূচিতে বিপর্যয় ও বাড়তি ব্যয় সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ নিয়েও বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। নির্ধারিত সময়ে (লিড টাইম) বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে অনেক কারখানাকে বাধ্য হয়ে ব্যয়বহুল আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হচ্ছে। এতে মুনাফার পরিবর্তে লোকসানের মাত্রা আরও বাড়ছে। এ ছাড়া ক্রয়াদেশ ধরে রাখতে ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে উদ্যোক্তাদের, আর কিছু ক্ষেত্রে সরাসরি ক্রয়াদেশ বাতিলের ঘটনাও ঘটছে।
ক্রেতাদের আস্থা সংকট ও বাজার হারানোর শঙ্কা খাতসংশ্লিষ্টদের মতে, চলমান অস্থিরতার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় চিড় ধরা। জরিপের তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্যান্য প্রতিযোগী দেশে স্থানান্তর করেছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার এই সময়ে সরবরাহ ব্যবস্থায় এমন বিঘ্ন ক্রেতাদের বিকল্প উৎসের দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।
ক্ষতির প্রকৃত চিত্র আরও ব্যাপক হওয়ার আশঙ্কা বিজিএমইএ মনে করছে, জরুরি জরিপে উঠে আসা এই পরিসংখ্যান সামগ্রিক ক্ষতির একটি আংশিক চিত্র মাত্র। সংগঠনটির ধারণা, অস্থিরতায় ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয় শতাধিক; কিন্তু স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তাদের হিসাব জমা দিতে পেরেছে। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় চূড়ান্ত ক্ষতির অঙ্ক আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল


