দৈনিক পূর্বাচল ডেস্ক | www.dailypurbachal.com
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ফটক পেরোতেই চোখে পড়ছে বর্ণিল সাজসজ্জা, সারি সারি স্টল আর আগত দর্শনার্থীদের পদচারণা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া ১৩তম জাতীয় এসএমই মেলা জমে উঠতে শুরু করেছে। শতভাগ দেশীয় পণ্যের এই আয়োজনে সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের বাহারি পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন।
উদ্বোধনী দিনের পরিবেশে কেনাকাটার চেয়ে মেলা ঘুরে দেখার আগ্রহই বেশি দেখা গেছে। বিশেষ করে পোশাক ও ফ্যাশন ডিজাইন খাতের স্টলগুলোতে নারী ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। ধানমন্ডি থেকে মেলায় আসা ক্রেতা সাবিহা সুলতানা বলেন, ‘এক ছাদের নিচে বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও হাতে তৈরি পণ্য দেখার সুযোগ মিলছে। আমদানি করা পণ্যের ভিড়ে এমন দেশীয় পণ্যের আয়োজন বেশ ইতিবাচক।’
উদ্যোক্তাদের মাঝেও প্রথম দিনের সাড়া নিয়ে আশাবাদ দেখা গেছে। রাজশাহীর হস্তশিল্প উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, ‘সকাল থেকেই মেলায় দর্শনার্থীরা আসছেন। ক্রেতাদের রুচি ও চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া যাচ্ছে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও করপোরেট ক্রেতাদের সঙ্গেও প্রাথমিক যোগাযোগ হচ্ছে।’
আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় অংশ নেওয়া স্টলগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালনায় চলছে। সর্বাধিক ৯৮টি স্টল রয়েছে ফ্যাশন ডিজাইন খাতে। এসব স্টলে নারায়ণগঞ্জের জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহীর সিল্ক, মণিপুরী শাড়ি এবং আধুনিক নকশিকাঁথার পোশাক প্রদর্শিত হচ্ছে। চামড়া ও পাদুকা খাতের ৩৭টি স্টলে চামড়ার জুতা, অফিস ব্যাগ, মানিব্যাগ ও বেল্ট রাখা হয়েছে। এ ছাড়া পাটপণ্যের ৩৫টি স্টলও ক্রেতাদের নজর কাড়ছে।
হস্ত ও কারুশিল্পের ৩৫টি স্টলে বাঁশ, বেত ও মাটির তৈরি নানা গৃহস্থালি ও শৌখিন সামগ্রী সাজানো হয়েছে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩০টি স্টলে সুন্দরবনের মধু, নিরাপদ মসলা, আচার, ঘি, ঐতিহ্যবাহী শুকনো খাবার ও পিঠা পাওয়া যাচ্ছে। পাশাপাশি জুয়েলারি খাতে ১৩টি স্টলে ধাতব, মাটি ও পুঁতির গয়না এবং হারবাল ও প্রসাধন সামগ্রীর ৯টি স্টলে ভেষজ পণ্য প্রদর্শন করা হচ্ছে। হালকা প্রকৌশল খাতে ১৬টি, আইসিটি খাতে ৭টি এবং প্লাস্টিক ও রাবার পণ্যে ৩টি স্টলে দেশীয় উদ্যোগ ও কারিগরি পণ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ ও বিভিন্ন এসএমই ক্লাস্টারের ৭৮টি স্টলে আঞ্চলিক বিশেষত্বের পণ্য স্থান পেয়েছে।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে এবং এতে কোনো প্রবেশ মূল্য লাগবে না।
প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল


