অন্যান্য

রাবি শিক্ষার্থীকে মারধর: রাজশাহী রেলওয়ে স্টেশনের চার আরএনবি সদস্য সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমা রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে পশ্চিমা রেলওয়ের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সন্দেহে আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কমান্ড্যান্ট/সদরের নিকট প্রতিদিন হাজিরা দেবেন।

সাময়িক বরখাস্ত হওয়া চার আরএনবি সদস্য হলেন— ১. মো. আরিফ হোসেন (স্টাফ নং-সি-৯৮৯)

২. মো. রোকন উদ্দীন (স্টাফ নং-সি-৮৮৩)

৩. মো. শফিকুল ইসলাম (স্টাফ নং-সি-১৩২১) এবং

৪. মো. শাহাদত হোসেন (স্টাফ নং-সি-৬০০)।

ঘটনার প্রেক্ষাপট ও রেল যোগাযোগ বন্ধ:

জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে নিজের চাচাকে অভ্যর্থনা জানাতে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ সময় স্টেশন চত্বরে অজ্ঞাত কারণে তিনি আরএনবি সদস্যদের মাধ্যমে মারধরের শিকার হন।

এই ন্যক্কারজনক ঘটনার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রেলগেট এলাকায় রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরবর্তীতে তারা মিছিল সহকারে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যান এবং রেললাইনে অবস্থান নেন। শিক্ষার্থীদের এই আকস্মিক আন্দোলনের ফলে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment