দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করছে সংবিধান সংশোধন কমিটি। রবিবার ক্যাবিনেট কক্ষে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনে অংশীজনদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করতে যাচ্ছে জাতীয় সংসদ গঠিত ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’। আগামী রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সমাজের অন্যান্য অংশীজনদের সঙ্গেও বৈঠক করবে বিশেষ কমিটি।
রাজনৈতিক ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিদ্যমান সংবিধানের যে বিষয়গুলোতে সংস্কার আনা প্রয়োজন, বৈঠকে মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকগুলো শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংসদে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। ক্ষমতাসীন মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনপ্রত্যাশা পূরণ ও রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে সংসদে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জুলাই জাতীয় সনদকে ধারণ এবং বিএনপির নির্বাচনী ইশতেহালের আলোকে বিদ্যমান সংবিধান পুরোটা পর্যালোচনার সিদ্ধান্ত হয়। এছাড়া জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও পেশাজীবীদের মতামত নিয়ে সর্বজনীন সুপারিশ তৈরির সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি।
ভাসানী জনশক্তি পার্টির প্রতিক্রিয়া
আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কমিটির দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণের জন্য এরই মধ্যে আমন্ত্রণ পেয়েছে গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী জনশক্তি পার্টি।
দলের অবস্থান তুলে ধরে চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, “আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। যেভাবেই হোক এই সনদ বাস্তবায়ন করতে হবে— এটি এখন জনদাবি। ভাসানী জনশক্তি পার্টি বিশ্বাস করে, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে দুর্নীতি ও অনিয়ম থাকবে না।”
তিনি আরও যোগ করেন, “আমাদের দল সনদের পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন চায়। এজন্য সংবিধানে প্রয়োজনীয় যে সংশোধন ও সংযোজন করা দরকার, তা যত দ্রুত সম্ভব করা হোক।”


