নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। চীন সফরসংক্রান্ত আর্থিক প্রতারণা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও তদন্তের মুখে তিনি এই পদ ছাড়লেন।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ উল্লেখ করেন যে, দায়িত্ব পালনে তাকে ক্রমাগত বাধা দেওয়ায় তিনি ডব্লিউএইচও নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছেন। পাশাপাশি, প্রায় এক বছর ধরে বেতনবিহীন ছুটিতে থাকায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সায়মা ওয়াজেদ। পরবর্তীতে ২০২৫ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করার পর, ওই বছরের জুলাইয়ে তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছিল ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখন এই শূন্য পদে নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


