নিজস্ব প্রতিবেদক:
দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির রাজনীতি করত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে বাধা দেওয়ার মতো সাম্প্রদায়িক মনোভাব কখনোই ছিল না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করার আহ্বান জানান তিনি।
পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, “বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করত যে দুর্গাপূজা এলেই এই বুঝি একটা ঝামেলা বা গ্যাঞ্জাম লাগবে। তবে বাংলাদেশের সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না যে হিন্দুরা পূজা করতে পারবে না। এই শয়তানিটা আওয়ামী লীগই করত এবং এটাই ছিল তাদের মূল রাজনীতি।”
তিনি বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে হওয়া ঘটনার উদাহরণ টেনে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশঙ্কার জায়গা থাকলেও এবারের নিরাপদ ও আনন্দময় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সরকার এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ কখনোই তাদের প্রকৃত স্বার্থ রক্ষা করেনি, বরং কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাই সাধারণ মুসলমানদের নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় বিএনপিসহ দেশের প্রধান দলগুলো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, তবে এর জন্য নির্দিষ্ট কোনো দলের পক্ষ নেওয়া জরুরি নয়। বাংলাদেশ বর্তমানে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


