রংপুর প্রতিনিধি/বিশেষ প্রতিবেদক:দৈনিক পূর্বাচল
সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রংপুরের তারাগঞ্জে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা থাকতে চাই এদেশে। সকলের যৌথ প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধশালী দেশ গড়তে সক্ষম হবো।”
এর আগে সকালে ঢাকা থেকে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুর মহানগরীতে যাওয়ার পথে তারাগঞ্জে সংক্ষিপ্ত এই পথসভায় যোগ দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রংপুর মহানগরীর ঐতিহাসিক রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
তারাগঞ্জের এই পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।


