রাজনীতি

‘ঘোড়ার ডিমের রাজনীতি করে যাবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’: নাহিদ ইসলামকে ইশরাকের পাল্টা জবাব

বিশেষ প্রতিবেদক:দৈনিক পূর্বাচল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। নাহিদ ইসলামের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, ‘ঘোড়ার ডিমের রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পদত্যাগ করা ইশরাক হোসেন।

এর আগে সোমবার এক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছিলেন, ‘ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পদত্যাগ করলেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছায় দেশ চলছে, যা আইনের শাসনের উদাহরণ নয়।’

নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রেক্ষাপটে মঙ্গলবার ফেসবুকে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। তিনি লেখেন, ‘নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। তবে আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে কোনো কথা না বলে, ১০০ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন।’

ইশরাক প্রশ্ন তুলে আরও লেখেন, ‘ফৌজদারি অপরাধ খুঁজে বের করার আগে কি মাদকের ইস্যুটি এড্রেস করা উচিত ছিল না?’ নতুন প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি লিখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তীব্র মন্তব্য করেন ইশরাক হোসেন। তিনি লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ শূন্য। মাদক নির্মূল করতে গিয়ে বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে নিয়ে যাওয়ার পরও ফৌজদারি মামলা খেয়ে আসতে হয়। নাহিদকে বলব, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে আমার নামে মামলা দিয়ে দিন। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব।’

একই সাথে মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে এই সংসদ সদস্য লেখেন, ‘অন্যভাবে প্রতিকার করতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর—শিগগিরই আসছে। বড় ডিলার বা বিক্রেতারা অপেক্ষা কর।’

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে সংসদ সদস্য ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment