দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক:
ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তার বর্তমান সম্পদ ও ব্যবসার বিস্তারিত জানুন দৈনিক পূর্বাচলে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত ২ সেপ্টেম্বর প্রকাশিত এই নতুন তালিকায় তার স্থান হয়নি।
তবে ফোর্বসের বিলিয়নিয়ার প্রোফাইল অনুযায়ী, তার সম্পদের পরিমাণ এখনো প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি রয়েছে।
এর আগে ২০২৫ সালের তালিকায় মুহাম্মদ আজিজ খান ৪৯তম অবস্থানে ছিলেন। সে সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৪ সালেও তিনি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৪৩তম অবস্থানে মর্যাদাপূর্ণ স্থান ধরে রেখেছিলেন।
ফোর্বসের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনী ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ গত বছরের মতো অপরিবর্তিত থেকে ২৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এবারের তালিকায় স্থান পাওয়ার ন্যূনতম সম্পদের সীমাও ১ বিলিয়ন মার্কিন ডলার রাখা হয়েছে। অর্থাৎ, আজিজ খান তালিকা থেকে বাদ পড়লেও তার সম্পদ ফোর্বসের নির্ধারিত ন্যূনতম সীমার কাছাকাছি অবস্থানে রয়েছে।
প্রকাশিত তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনীর শীর্ষস্থান দখল করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার মোট সম্পদের পরিমাণ ৩২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার (১৬.১ বিলিয়ন ডলার) এবং তৃতীয় অবস্থানে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি (১৪.৩ বিলিয়ন ডলার)।
ফোর্বস কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের এই তালিকা প্রস্তুত করার সময় বিভিন্ন ব্যক্তি ও পরিবারের শেয়ার মালিকানা, আর্থিক প্রতিবেদন, স্টক এক্সচেঞ্জের তথ্য এবং অন্যান্য নির্ভরযোগ্য উৎস বিশ্লেষণ করা হয়েছে। ২০২৬ সালের ১৪ আগস্ট বাজার বন্ধের সময়কার শেয়ারমূল্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিবেচনায় নিয়ে এই সম্পদের হিসাব চূড়ান্ত করা হয়।
ব্যবসায়িক পটভূমিতে দেখা যায়, মুহাম্মদ আজিজ খানের সম্পদের সিংহভাগই এসেছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের ব্যবসা থেকে। সামিট গ্রুপের বিদ্যুৎ উৎপাদন, বন্দর ব্যবস্থাপনা, ফাইবার অপটিকস এবং আবাসন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। এছাড়া সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ারের অংশীদার হিসেবে জাপানি খ্যাতনামা কোম্পানি জেরা (JERA) যুক্ত রয়েছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। তিনি ২০১৮ সালে প্রথমবারের মতো সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় স্থান করে নিয়েছিলেন। গত কয়েক বছর ধারাবাহিকভাবে শীর্ষ পঞ্চাশে থাকার পর এবারই প্রথম তিনি এই তালিকা থেকে বাদ পড়লেন।


