দৈনিক পূর্বাচল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর শনিবার রাতে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেপ্তারকৃত অমিমুল হাসান সাদ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র র্যাব-১১ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অভিযুক্ত অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপ্যুপুরি আঘাত করা হয়।
একপর্যায়ে অভিযুক্ত সাদ ওই কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কিশোরীকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে একমাত্র আসামি করে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


