বিনোদন

চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে শাবনূরের আবেগঘন শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক দৈনিক পূর্বাচল:

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর অকাল প্রয়াণের তিন দশক পূর্ণ হলো আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমানো এই ক্ষণজন্মা নায়কের প্রতি আজও গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন তার সোনালী দিনের স্ক্রিন-পার্টনার ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

আজ ৬ সেপ্টেম্বর (রোববার) সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে তাকে ‘পর্দার প্রিয় রাজপুত্র’ হিসেবে স্মরণ করেন তিনি।

শাবনূর তার পোস্টে লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

চলচ্চিত্র শিল্পে তার অবদানের কথা স্মরণ করে শাবনূর আরও বলেন, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’ পরিশেষে প্রয়াত এই তারকার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে স্বল্প সময়ের ক্যারিয়ারে যে অসামান্য দর্শকপ্রিয়তা ও বিপ্লব ঘটিয়েছিলেন সালমান শাহ, তা আজও বাংলা চলচ্চিত্র ইতিহাসে বিরল। তার অনবদ্য অভিনয়শৈলী, ফ্যাশন সচেতনতা এবং চিরসবুজ স্ক্রিন প্রেজেন্স আজও নতুন প্রজন্মের কাছে সমানভাবে সমাদৃত।Category: বিনোদন / বিশেষ প্রতিবেদন

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment