চুয়াডাঙ্গা প্রতিনিধি:
শিশুর সুস্থ বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ ও সংবাদ সম্মেলন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা এবং শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের বিস্তারিত উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. সাজিদ হাসান। তিনি জানান, জেলার প্রতিটি যোগ্য শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার চুয়াডাঙ্গা জেলায় মোট ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৫৪১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কার্যক্রম পরিচালনার জন্য জেলার ৮টি স্থায়ী কেন্দ্র ও ৮৯৬টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
সভায় সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলার কোনো শিশু যেন এ কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও এ কর্মসূচির সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি,সাংবাদিক এ্যাডঃ মানিক আকবার সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কর্মসূচির সার্বিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং সফল বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গার বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এ সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২৮ জুন জেলার সব টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।#

