নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নোয়াখালীর চাটখিলে স্কুলশিক্ষার্থী মেহেদী হাসানকে মারধরের পর রহস্যজনক মৃত্যু ও লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি জোবায়ের (১৮)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহানের ছেলে। তিনি বর্তমানে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্কুলশিক্ষার্থী মেহেদী হাসান হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে মামলার অন্যতম আসামি জোবায়েরকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, মেহেদী হাসান হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ঘটনার পেছনে মূল কারণ কী ছিল, তা উদঘাটন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

