জীবননগরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধান এবং শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল এবং উপজেলা সমবায় অফিসার নূর আলম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুবিধাভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ ধরনের সহায়তা প্রান্তিক চাষিদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করা হলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের যেকোনো পরামর্শ ও সহযোগিতার জন্য কৃষি বিভাগ সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =