জাতীয়

তাজরীন ট্র্যাজেডির এক যুগ পার: ১১ বছরেও ঝুলে আছে বিচার, ৮২ শতাংশ সাক্ষীরই দেখা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | দৈনিক পূর্বাচল

আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক নিহতের ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি। ১০৪ সাক্ষীর মধ্যে মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের প্রাণহানির ঘটনার এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। ঘটনার পর আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার পরও পেরিয়েছে প্রায় ১১ বছর। কিন্তু দীর্ঘ এই সময়েও আলোচিত এই মামলাটির বিচারিক কার্যক্রম আলোর মুখ দেখেনি। রাষ্ট্রপক্ষের ১০৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। অর্থাৎ অভিযোগপত্রে থাকা ৮৫ জন বা প্রায় ৮২ শতাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণই এখনো বাকি রয়ে গেছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়েই দ্রুত বিচার নিষ্পত্তির কথা বললেও নির্ধারিত তারিখে সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় মামলার গতি থমকে আছে। বর্তমানে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল-হকের আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

সাক্ষী হাজিরে ব্যর্থতা ও পরোয়ানা মামলার দীর্ঘসূত্রতা প্রসঙ্গে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন দৈনিক পূর্বাচলকে জানান, সাক্ষীদের আদালতে উপস্থিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিকবার সমন পাঠানোর পরও সাক্ষীদের সাড়া পাওয়া যাচ্ছে না। এ কারণে ইতোমধ্যে ছয়জন সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৯ জন সাক্ষ্য দিলেও অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি এখনো নেওয়া সম্ভব হয়নি, যার ফলে বিচারকাজ শেষ করা যাচ্ছে না। তবে দ্রুততম সময়ে সাক্ষীদের হাজির করে মামলাটি নিষ্পত্তির আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, তাজরীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের আইনজীবী হেলেনা পারভীন অভিযোগ করেন, আসামিরা নিয়মিত আদালতে হাজিরা দিলেও রাষ্ট্রপক্ষ সাক্ষীদের উপস্থিত করতে ব্যর্থ হচ্ছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় আসামিপক্ষ থেকে দ্রুত বিচার নিষ্পত্তির আবেদন করা হয়েছিল, কিন্তু তাতে কোনো ইতিবাচক ফল আসেনি।

১১ বছরে মাত্র ১৯ জনের সাক্ষ্য: বছরওয়ারি চিত্র আদালতের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিচার শুরুর পর থেকে সাক্ষ্যগ্রহণের গতি অত্যন্ত ধীর। ২০১৬ সালে মামলার বাদী এসআই খায়রুল ইসলামসহ পাঁচজন আদালতে সাক্ষ্য দেন। এরপর ২০১৭ সালে দুজন এবং ২০১৯ ও ২০২১ সালে একজন করে সাক্ষ্য দেন। মাঝখানে ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে এই মামলায় কোনো সাক্ষ্যগ্রহণই হয়নি।

পরবর্তীতে ২০২৪ সালে চারজন এবং ২০২৫ সালে তিনজন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। ২০২৫ সালের ৬ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, অবসরপ্রাপ্ত যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের শ্রম পরিদর্শক সঞ্জয় কুমার দাস সাক্ষ্য দেন। তবে ওই বছরের ১ জুলাই ও ৪ অক্টোবর নির্ধারিত দিনে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। সর্বশেষ সাক্ষ্যগ্রহণের দিনেও সাক্ষী অনুপস্থিত থাকায় আদালত পরবর্তী তারিখের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন।

মামলার প্রেক্ষাপট উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন ফ্যাশন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক পুড়ে মারা যান এবং অসংখ্য শ্রমিক গুরুতর আহত হন। ওই ঘটনার পরদিন ২৫ নভেম্বর আশুলিয়া থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর কারখানার মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment