অপরাধ

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র ইয়াছিন নিহত, এলাকায় চাঞ্চল্য | দৈনিক পূর্বাচল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | দৈনিক পূর্বাচল:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে আহত মাদ্রাসাছাত্র ইয়াছিন মিয়া (২২) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দাউদপুরের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে গুরুতর আহত মাদ্রাসাছাত্র ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত ইয়াছিন রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম (সমমান) পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন এবং আগামী সপ্তাহেই ওই বিষয়ে পুনঃপরীক্ষায় বসার কথা ছিল তার।

নিহতের ভগ্নিপতি মাসুম মিয়া জানান, দেবই মাদ্রাসার দপ্তরী পদে কর্মরত ইয়াছিনের চাচা মামুনের (৩৫) সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক ও পূর্বশত্রুতা চলছিল। সেই বিরোধের জেরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে মামুন ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করার একপর্যায়ে মামুন হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রক্তাক্ত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে সোমবার রাতে তার মৃত্যু হয়। মর্মান্তিক এ মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, পূর্বের হামলার ঘটনায় দায়ের করা অভিযোগটি ইতোমধ্যে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এখন মৃত্যুর বিষয়টি যুক্ত করে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা প্রক্রিয়াধীন রয়েছে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment