বিনোদন ডেস্ক | দৈনিক পূর্বাচল:
৫৪তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে ভারত। নিউ ইয়র্কের এই বিশ্বমঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।
টেলিভিশন দুনিয়ার ‘অস্কার’ খ্যাত ৫৪তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের আসরে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ভারত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এই মর্যাদাপূর্ণ বিশ্বমঞ্চে ১৬টি বিভাগে ২২টি দেশের সেরা নির্মাণগুলোর সঙ্গে পাল্লা দিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ভারতের দুটি আলোচিত প্রযোজনা। তবে ভারতীয় ও দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য এবারের সবচেয়ে বড় চমক হলো জমকালো এই আয়োজনে পুরস্কার উপস্থাপক হিসেবে মঞ্চ মাতাবেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি।
মার্কিন অভিনেতা মাইকেল উরির সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এই আসরে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ‘মহারাজা’ খ্যাত অভিনেতা বিজয় সেতুপতিকে। ইন্টারন্যাশনাল একাডেমির বোর্ড সদস্য ও প্রযোজক কবিতা গুপ্তার বিশেষ উদ্যোগেই বিশ্বমঞ্চে দেখা যাবে এই গুণী অভিনেতাকে। এর আগে ২০২৪ সালে ভারতীয় কৌতুকাভিনেতা বীর দাস প্রথম ভারতীয় হিসেবে এই আসর সঞ্চালনা করে ইতিহাস গড়েছিলেন।
এবারের আসরে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছে ভারত। কমেডি বিভাগে নেটফ্লিক্স স্পেশাল ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য তৃতীয়বারের মতো মনোনীত হয়েছেন বীর দাস। এর আগে ২০২১ ও ২০২৩ সালে মনোনয়ন পেয়ে ২০২৩ সালে সেরার মুকুট জিতেছিলেন তিনি।
অন্যদিকে ড্রামা সিরিজ বিভাগে মানব কৌল ও মোহাম্মদ জিশান আইয়ুব অভিনীত সনি লিভের সিরিজ ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’ সেরা ড্রামা সিরিজের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে দর্শকদের মাঝে দারুণ প্রত্যাশা তৈরি করেছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল এমির মঞ্চে ভারতের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। এর আগে ২০২০ সালে ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ এবং ২০২৩ সালে বীর দাস ও খ্যাতিমান প্রযোজক একতা কাপুর এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন।


