নিজস্ব প্রতিবেদক | ডেইলি পূর্বাচল
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬
সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব পর্যবেক্ষণ করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে নামে।
এর আগে দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। প্রধানমন্ত্রী এই বিশেষ মহড়ার সমাপনী ও চূড়ান্ত অনুশীলন সরাসরি দেখবেন।
সফরকালে মহড়াস্থলে তিন বাহিনীর সদস্যদের অপারেশনাল তৎপরতা ও নানা কার্যক্রম ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনীও পরিদর্শনের কথা রয়েছে তার।
এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত দল সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
দিনব্যাপী মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কার্যক্রম শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


