অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ছাড়: ১৫ বছর সময় ও সুদ মওকুফের সুবিধা

দৈনিক পূর্বাচল  |

প্রায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে ১ শতাংশ ডাউন পেমেন্টে ১৫ বছর মেয়াদ, সুদ মওকুফ ও নতুন ঋণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

দেশের ব্যাংক খাতে প্রায় ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে নজিরবিহীন শিথিলতা ও বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নামমাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, পরিশোধে ১৫ বছর পর্যন্ত সময়, সুদ মওকুফ এবং আদালতের স্থগিতাদেশ থাকা খেলাপিদেরও নতুন ঋণ ও প্রণোদনা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। তবে এসব উদ্যোগের ফলে প্রকৃত ঋণ আদায় কতটা বাড়বে, তা নিয়ে ব্যাংক খাতে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলারগুলো বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ক্ষতিগ্রস্ত ও খেলাপি গ্রাহকদের জন্য নীতিমালায় ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। প্রচলিত নিয়মে ঋণ পুনঃতফসিলে সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট ও সর্বোচ্চ ৭ বছর সময় মিললেও নতুন নীতিমালায় এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতি থাকা বড় গ্রাহকদের জন্য ১৫ বছর মেয়াদ এবং সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডের সুযোগ রাখা হয়েছে। আবেদনের সময় মাত্র ১ শতাংশ এবং পরবর্তী ছয় মাসের মধ্যে বাকি ১ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধের সুবিধা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিশেষ ‘এক্সিট সুবিধার’ আওতায় পুরো আসল টাকা এককালীন পরিশোধ করলে ব্যাংকের অনুমোদনসাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। এমনকি খেলাপি হয়েও এস আলম, বেক্সিমকো, আবদুল মোনেম ও সিটি গ্রুপের মোট ৯টি প্রতিষ্ঠান নতুন ঋণ ও এলসি খোলার সুবিধা পেয়েছে। সর্বশেষ নির্দেশনায় আদালতের স্থগিতাদেশ থাকা খেলাপিদেরও ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ নেওয়ার পথ উন্মুক্ত করা হয়েছে।

ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের এই উদার নীতির সুযোগ নিয়ে এক শ্রেণির পুরোনো খেলাপি এখন কোনো সুদই পরিশোধ করতে চাইছেন না; বরং আগে পরিশোধ করা সুদ ফেরত দেওয়ার দাবি তুলছেন। এ ছাড়া স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে ১০ থেকে ১৫ বছরের দীর্ঘমেয়াদি পুনঃতফসিল ও দুই বছরের গ্রেস পিরিয়ড ব্যাংকগুলোর নগদ অর্থপ্রবাহ ও তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানান, স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সুযোগ দেওয়ায় তারল্য সংকটের ঝুঁকি তৈরি হতে পারে, যা সামাল দিতে দীর্ঘমেয়াদি বন্ডের ব্যবস্থা থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, এককালীন নগদ অর্থ আদায় নিশ্চিত না হলে সুদ মওকুফের মতো সুবিধাগুলো খুব একটা কার্যকর হবে না।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দাবি করেছেন, খেলাপিদের ঋণ পরিশোধে উৎসাহিত করতে এবং আটকে থাকা অর্থ আদায়ের লক্ষ্যেই এসব বাস্তবসম্মত ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ২২ হাজার কোটি টাকা থাকলেও গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ১৪৫ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment