বিনোদন ডেস্ক | দৈনিক পূর্বাচল :
অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার পর এবার হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। বাবা সিদ্দিকী হত্যা মামলার পলাতক আসামি জিশান আখতারের নামে ভয়েস মেসেজে এই হুমকি দেওয়া হয়েছে।
বলিউড তারকাদের যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আতঙ্ক। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের নবাবখ্যাত অভিনেতা সাইফ আলি খান। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি জিশান আখতারের নাম ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন এবং ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
ভয়েস মেসেজে ভয়াবহ হুঁশিয়ারি মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ আলি খানের ব্যক্তিগত ফোনে জিশান আখতারের পরিচয় দিয়ে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়েছে। ওই বার্তায় অত্যন্ত স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ২০২৪ সালে ঠিক যেভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছিল, সাইফ আলি খানেরও ঠিক একই পরিণতি হবে।
আসল গ্যাংস্টার নাকি এআই (AI) প্রযুক্তি? হুমকির এই বার্তাটি সত্যিই কোনো কুখ্যাত গ্যাংস্টারের পাঠানো, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কেউ ভুয়া কণ্ঠস্বর তৈরি করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে—তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরকে হুমকি দেওয়ার ঘটনায় বেঙ্গালুরু থেকে এক আইআইটি কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যিনি এআই প্রযুক্তি কাজে লাগিয়ে কণ্ঠ পরিবর্তন করে এই কাণ্ড ঘটিয়েছিলেন।
বলিউডজুড়ে একের পর এক আতঙ্ক গত কয়েক সপ্তাহ ধরেই বলিউড অঙ্গনে একের পর এক বোমা হামলা ও হত্যার হুমকির ঘটনা ঘটছে। অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টে হামলার হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি নিরাপত্তার স্বার্থে সম্প্রতি বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছেন বিগ বি।
উদ্বেগে পতৌদি ও কাপুর পরিবার সাইফ আলি খানের জন্য চলতি বছরটি এমনিতেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। গত জানুয়ারিতেই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনের ভেতর এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। হামলার সময় স্ত্রী কারিনা কাপুর এবং তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ বাড়িতেই অবস্থান করছিলেন।
দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর সাইফ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও, বছরের শেষ প্রান্তে এসে নতুন করে এই হত্যার হুমকি কাপুর ও পতৌদি পরিবারে আবারও গভীর দুশ্চিন্তার ছায়া ফেলেছে। সাইফ ও তাঁর পরিবারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ।


