নিজস্ব প্রতিবেদক:
নিজেকে এক ভয়াবহ রাজনৈতিক চক্রান্ত থেকে রক্ষা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী পরামর্শের কারণেই তিনি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। তিনি লেখেন, “আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সবসময় আমার জন্য কোনটা ভালো সেটি চিন্তায় রাখেন।”
তিনি আরও প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন, যা শুরুতে তার কাছে শাস্তিস্বরূপ মনে হলেও পরবর্তীতে তিনি এর পেছনের কারণ বুঝতে পারেন। ইশরাকের ভাষ্যমতে, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠী ও গণমাধ্যম তার বিরুদ্ধে একটার পর একটা বিধ্বংসী ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে চরিত্র হনন এবং দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তার রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার সুনির্দিষ্ট ছক কষেছিল।
ইশরাক হোসেন তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে লেখেন, “সবাইকে বলতে চাই, আমি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলাম। সেখান থেকে সূত্রপাত হওয়া এক ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে রক্ষা করতে পেরেছি।”
স্ট্যাটাসের শেষাংশে দলের ভেতরের সুযোগসন্ধানীদের সতর্ক করে তিনি অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, প্রমাণ সাপেক্ষে নিজ দলের কোনো আঁতাতকারীর সন্ধান পেলে কঠোর সাংগঠনিক ও রাজপথের পদক্ষেপ নেওয়া হবে।


