নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে একটি বিতর্কিত পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক নেতার ছবি ও নাম ব্যবহার করে “ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা সরবরাহের” ঘোষণা দিয়ে এই পোস্টারগুলো সাঁটানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন দেয়ালে এই পোস্টারগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পোস্টারের অদ্ভুত সব স্লোগান
ভাইরাল হওয়া ওই পোস্টারগুলোতে বেশ কিছু চাঞ্চল্যকর ও বিদ্রূপাত্মক স্লোগান ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
-
“আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দেবো।”
-
“বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড।”
-
“স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই।”
-
“উন্নয়ন হবে, আগে চাঁদা হবে।”
যা বলছেন অভিযুক্ত ও স্থানীয়রা
পোস্টারে নাম ও ছবি থাকা সিরাজপুর ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন এই ঘটনাকে তার বিরুদ্ধে একটি সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, “গত ৫ দিন আগে ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলের সঙ্গে আমার ছেলের একটি বিষয় নিয়ে ঝামেলা হয় এবং সে আমার ছেলেকে চড় মারে। আমি এর প্রতিবাদ করায় এবং মামলার প্রস্তুতি নেওয়ায় একটি চক্র আমার সম্মান ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেব।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পোস্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা আবার কেউ কেউ সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন।
প্রশাসনের বক্তব্য
ঘটনার সত্যতা সম্পর্কে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বর্তমানে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


