অপরাধ

জীবননগরে পূর্ববিরোধের জেরে সাবেক স্বামীর মৃত্যু, অভিযোগ স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, জীবননগর (চুয়াডাঙ্গা)। দৈনিক পূর্বাচল :

চুয়াডাঙ্গার জীবননগরে মারধরের শিকার হয়ে আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

চুয়াডাঙ্গার জীবননগরে মারধরের শিকার হয়ে আব্দুল খালেক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার বাসিন্দা এবং আজের বক্সের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে ব্যক্তিগত কাজে বাঁকা গ্রাম থেকে পাশের মিনাজপুর গ্রামে যাচ্ছিলেন আব্দুল খালেক। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় পৌঁছালে তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪০) ও পরিবারের সদস্যরা তাঁকে একা পেয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে খালেকের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়, ফেটে যায় এবং থেঁতলে যায়।

একপর্যায়ে পাপিয়া খাতুন, মো. ওসমান গনি (৪৫) ও ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত অবস্থায় আব্দুল খালেককে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাঁকে হাসপাতালে রেখে ওই ব্যক্তিরা সেখান থেকে চলে যান বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র বলছে, প্রায় দুই বছর আগে আব্দুল খালেক ও পাপিয়া খাতুনের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের এক কন্যাশিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন খালেক। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে খালেকের চরম বিরোধ তৈরি হয় এবং এর আগেও তাঁদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, প্রাথমিক তদন্তে সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্বের বিরোধের জের ধরে এই মারধর ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment