নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল :
২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুম, ক্রসফায়ার ও মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে প্রতি সপ্তাহে জেলায় জেলায় গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিগত দেড় দশকে সংঘটিত গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশের প্রতিটি জেলায় সাপ্তাহিক গণশুনানি আয়োজনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী সপ্তাহ থেকেই জেলা পর্যায়ে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
যেভাবে পরিচালিত হবে গণশুনানি
চিফ প্রসিকিউটর জানান, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দল, নিপীড়িত সংগঠন এবং ভুক্তভোগী পরিবারগুলো অংশ নিতে পারবে। সরকারের পক্ষ থেকে এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তর, নির্যাতিত রাজনৈতিক দল ও হতাহতদের পরিবারের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। শুনানিতে গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ সংগ্রহ করা হবে। কোনো ঘটনায় আগে মামলা হয়ে থাকলে তার নথিপত্র যাচাই করা হবে, আর মামলা না হয়ে থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করা হবে। ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য মিললে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা হবে।
যশোর দিয়ে শুরুর পরিকল্পনা
কর্মসূচির সূচনা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, আগামী ২৬ নভেম্বর যশোর জেলা থেকে গণশুনানি শুরুর প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে যাত্রা শুরু হলেও আগামী সপ্তাহ থেকেই মাঠে নামবে প্রসিকিউশন।
ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য
দেশজুড়ে এই উদ্যোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে অসংখ্য বলপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। ভয়ে বা চাপে অনেক ভুক্তভোগী পরিবার তখন মামলা করতে পারেনি। আবার অনেক অপরাধী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠা করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো মানবতাবিরোধী অপরাধ না ঘটে।
আইনগত ভিত্তি ও এখতিয়ার
গণশুনানির আইনগত বৈধতা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম স্পষ্ট করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের নিজস্বভাবে তদন্ত পরিচালনা এবং অভিযোগ দাখিলের পূর্ণ আইনি ক্ষমতা ও ম্যান্ডেট রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও এ প্রক্রিয়ায় যুক্ত থেকে তদন্ত করতে পারে। তাই এই গণশুনানি সম্পূর্ণ আইনসম্মত।


