জাতীয়

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ভারতের পররাষ্ট্রনীতি শোচনীয় বললেন তথ্যমন্ত্রী | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক।দৈনিক পূর্বাচল:

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির প্রসঙ্গ টেনে ভারতের পররাষ্ট্রনীতিকে শোচনীয় বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তাঁর দাবি, প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সঙ্গেই নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটেছে এবং এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের কথিত হস্তক্ষেপের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নেই। তাঁর মতে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের পক্ষ থেকে সেটিকে প্রশ্রয় দেওয়ার ঘটনাও একই পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আন্দালিব রহমান জানান, দেশে আসতে চাইলে তাঁকে বাধা দেওয়ার কোনো কারণ নেই, তবে প্রচলিত আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে। তিনি আরও বলেন, আইনগত উপায়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে; তিনি কোন পথে ফিরবেন তা তাঁর সিদ্ধান্ত, কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

শেখ হাসিনার ফেরা নিয়ে বিভিন্ন বক্তব্য ও আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে কেবল বক্তব্যের মাধ্যমে বিষয়টি আলোচনায় রাখা হচ্ছে। একদিকে বিমানে ফেরার কথা বলা হলেও অন্যদিকে শীর্ষ নেতাদের সীমান্ত এলাকায় যাওয়া পরস্পরবিরোধী অবস্থান তৈরি করছে, যা জনমনে বিভ্রান্তি বাড়াচ্ছে। তাঁর মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দলের নেতাদের অবস্থান স্পষ্ট করা উচিত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী অবস্থার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে দেশে স্বাভাবিকতা ও রাজনৈতিক সম্প্রীতি ফেরানোর কাজ চলছে, যা আওয়ামী লীগ মেনে নিতে পারছে না। বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, অর্থনীতি ও সামগ্রিক পরিবেশে ইতিবাচক ধারা এসেছে বলে দাবি করে তিনি জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আন্দালিব রহমান বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন ও ব্যাংক লুটের মতো কর্মকাণ্ড বন্ধ রেখে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের কথা জানান।

তথ্যমন্ত্রীর অভিযোগ, এসব উন্নয়ন কার্যক্রম আড়াল করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে—ভারতের গণমাধ্যমে এমন ধারণা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, দেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে এবং সাম্প্রতিক দুর্গাপূজাও বড় পরিসরে উদ্‌যাপিত হয়েছে। কোনো সংঘাতে সংখ্যালঘু কেউ ক্ষতিগ্রস্ত হলে তা ভিন্নভাবে তুলে ধরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তথ্যমন্ত্রীর মতে, বিজেপির রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রচারণা চালানো হচ্ছে এবং স্থানীয় রাজনীতিতে ফায়দা নিতে বাংলাদেশ প্রসঙ্গ ব্যবহার করা হচ্ছে। ভারতের গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক খবর প্রচারের বিষয়েও তিনি একই রকম রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন। তাঁর বক্তব্য, আওয়ামী লীগ কী পরিস্থিতিতে দেশ ছেড়েছে এবং মানুষ কীভাবে তাদের ক্ষমতাচ্যুত করেছে, তা সবার জানা; পাশাপাশি বর্তমান বাস্তবতাও মানুষের কাছে স্পষ্ট।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment