বিনোদন

নিউমোনিয়ায় আক্রান্ত মামুনুর রশীদ আইসিইউতে স্থানান্তর | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক ।দৈনিক পূর্বাচল:

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। ল্যাবএইড থেকে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে আইসিইউতে ভর্তি আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার (২৫ নভেম্বর) মাঝরাতে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ডের সভা হয়। ওই বৈঠকের পর পরিবারের সদস্যরা তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানতে পারেন এবং উন্নত চিকিৎসার স্বার্থে স্কয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

রাত ১১টার দিকে ফোনে বিষয়টি নিশ্চিত করা হয় এবং মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান।

এর আগেও গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই বরেণ্য নাট্যব্যক্তিত্বকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ শনাক্ত হয়। ছয় দিন আইসিইউতে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাস শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন এবং আবার অভিনয়ে যুক্ত হন।

পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—এই তিন মাধ্যমেই সক্রিয় মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যরচনা ও নির্দেশনায় তাঁর অবদান অনন্য। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে সুসংগঠিত করতে ১৯৭২ সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্কুলজীবন থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও সক্রিয় হন এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকেই টেলিভিশন নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ; তাঁর প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। আরণ্যক নাট্যদলের হয়ে তিনি ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’-এর মতো আলোচিত মঞ্চনাটক উপহার দিয়েছেন। চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি সমাদৃত। ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment