অপরাধ

থানায় জিডি করেও মিলছে না প্রতিকার, ফাইলেই আটকে ভুক্তভোগীদের অভিযোগ | ডেইলি পূর্বাচল

সোহেল হাওলাদার, ডেইলি পূর্বাচল | ঢাকা:

প্রতি মাসে দেশে প্রায় দুই লাখ জিডি হলেও তদন্তে গাফিলতি ও নথি হারানোর অভিযোগ ভুক্তভোগীদের। সমাধান কী? বিস্তারিত পড়ুন সোহেল হাওলাদারের প্রতিবেদনে।

অনলাইনে পণ্য বিক্রির জন্য খোলা ফেসবুক পেজ হ্যাক করে তাতে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর ঘটনায় ২০২৩ সালের ১৬ নভেম্বর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০৪৬) করেছিলেন রাজধানীর নয়াপল্টনের গৃহবধূ আফছানা। তদন্তের দায়িত্ব পান এসআই পারভেজ ভূঁইয়া। তবে দীর্ঘ সময়েও কোনো অগ্রগতি বা খোঁজখবর পাননি ভুক্তভোগী।

এ বিষয়ে জানতে চাইলে এসআই পারভেজ জানান, জিডিটি ডিএমপির ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। কিন্তু ডিবি কার্যালয়ে খোঁজ নিয়েও ওই জিডির কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

একইভাবে ভোগান্তির শিকার হয়েছেন একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন। গত ১৫ মার্চ তার আইফোন খোয়া গেলে ওই দিনই শাহবাগ থানায় জিডি (নম্বর ১০৬১) করেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেও আট মাসে ফোনটি উদ্ধারের কোনো তথ্য বা সাড়া পাননি থানায়।

মাসে প্রায় দুই লাখ জিডি, তদন্তে জনবল সংকট

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুনে দেশের বিভিন্ন থানায় মোট ১ লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অনলাইনে ১ লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সশরীরে হাজির হয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি করা হয়—যা ওই মাসে অনলাইন জিডির ৬০ শতাংশ হার নির্দেশ করে। এ ছাড়া বর্তমান সরকারের প্রথম নয় মাসে শুধু অনলাইনেই ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি জমা পড়েছে। সব মিলিয়ে প্রতি মাসে অনলাইন ও সশরীরে প্রায় দুই লাখ জিডি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৫৪টি থানায় জিডি নেওয়া হলেও জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে সবগুলো তদন্ত করা সম্ভব হচ্ছে না। এ সংকট কাটাতে প্রতিটি থানায় আলাদা ‘জিডি তদন্ত ডেস্ক’ গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক ধাপে মডেল থানাগুলোকে নিয়ে পাইলট প্রকল্প শুরুর কথাও বলেছেন তারা।

আইনি কাঠামো ও জিডির উদ্দেশ্য

১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধের তথ্য এজাহার হিসেবে গ্রহণ এবং ১৫৫ ধারায় আমল-অযোগ্য অপরাধের তথ্য লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেটের অনুমতিসাপেক্ষে তদন্তের বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ প্রবিধানের ৩৭৭ বিধিতে জিডি সংরক্ষণের নিয়ম এবং ১৮৬১ সালের পুলিশ আইনের ৪৪ ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিডি সংরক্ষণের দায়িত্ব ও ম্যাজিস্ট্রেটের পরিদর্শনের এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

মূলত কোনো ঘটনার রাষ্ট্রীয় নথি তৈরি, ভবিষ্যৎ আইনি লড়াই বা বিরোধের প্রমাণ রাখা, হুমকি-হয়রানি বা নিরাপত্তাহীনতার তথ্য জানানো এবং নিখোঁজ ব্যক্তি কিংবা জরুরি কাগজপত্র-মালামাল হারানোর রেকর্ড সংরক্ষণে জিডি করা হয়।

নথি গায়েবের অভিযোগ ও তিন বছরের অপেক্ষা

ফ্ল্যাট বুকিং নিয়ে প্রতারণা ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে প্রায় তিন বছর আগে খিলগাঁও থানায় জিডি করেছিলেন রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জিয়াউল হক। অভিযোগ রয়েছে, বুকিং দেওয়া ফ্ল্যাট বেশি দামে অন্যত্র বিক্রির চেষ্টা চলালেও থানা পুলিশ কোনো তদন্ত বা জিজ্ঞাসাবাদ করেনি।

ভুক্তভোগীর ভাষ্য, পুলিশের পরামর্শে তিনি আদালতে আবেদন করলে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও তদন্ত এগোয়নি; বরং একপর্যায়ে জানানো হয়, থানায় করা জিডির নথিপত্র পাওয়া যাচ্ছে না। তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো প্রতিকার পাননি তিনি।

পুলিশ ও আইন বিশেষজ্ঞের বক্তব্য

ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, বিপুলসংখ্যক জিডির মধ্য থেকে বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত করা হয়। বিশেষ করে ব্যক্তি বা শিশু নিখোঁজের ঘটনাগুলো অগ্রাধিকার দেওয়া হয় এবং আমল-অযোগ্য বিষয়ে আদালতের অনুমতি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, জিডি মূলত ‘অবহিতকরণ’ ও ‘ব্যবস্থা নেওয়ার আবেদন’—এ দুই শ্রেণিতে পড়ে। নিয়ম অনুযায়ী এএসআই বা এসআই পদমর্যাদার কর্মকর্তার তদন্ত প্রতিবেদন থেকে আমলযোগ্য অপরাধে মামলা বা চূড়ান্ত প্রতিবেদন হওয়ার কথা। তবে হাতেগোনা কয়েকটি ক্ষেত্র ছাড়া অধিকাংশ জিডির তদন্তে কার্যকর উদ্যোগ দেখা যায় না, এমনকি ম্যাজিস্ট্রেটের অনুমতির ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment