রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: দোয়া মাহফিল ও রাজনৈতিক পথচলা

নিজস্ব প্রতিবেদক |  আজ শুক্রবার (২০ নভেম্বর) ৬২তম জন্মদিন পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ জুমার নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট আয়োজকদের তথ্যমতে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সাদামাটা শৈশব ও পাঠ্যজীবন

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, শৃঙ্খলাবদ্ধ পারিবারিক পরিমণ্ডল ও অনাড়ম্বর জীবনযাত্রার আবহে বেড়ে ওঠেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংরেজি মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ শুরু করেন তিনি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, হবস, লক, রুশো ও কার্ল মার্কসের মতো দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদদের লেখা অধ্যয়ন করেন তিনি।

রাজনীতির মাঠে হাতেখড়ি ও সাংগঠনিক উত্থান

তারেক রহমান যখন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যয়নরত ছিলেন, তখন হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণআন্দোলনের নেতৃত্বে ছিলেন তার মা খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতাদের মতে, রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি চলমান রাজনৈতিক আন্দোলনের পরিবেশ তাকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে অনুপ্রাণিত করে।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পান। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে ভূমিকা রাখেন তারেক রহমান। দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে মা খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচারণা সমন্বয় করেন তিনি। সবকটি আসনে খালেদা জিয়ার জয় দলীয় রাজনীতিতে তার অবস্থানকে সুদৃঢ় করে।

প্রতিকূলতা, নির্বাসন ও স্বদেশ প্রত্যাবর্তন

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং নানা চাপ প্রয়োগ করা হয়। তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি। ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে যান তিনি। দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দেড় মাস আগে দেশে ফিরে আসেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

নির্বাচনী সাফল্য ও সরকার পরিচালনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে প্রার্থী হয়ে দুটিতেতেই জয়লাভ করেন তারেক রহমান। পরবর্তীতে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

সরকার ও দলীয় সূত্রগুলোর ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সীমিত প্রটোকল ও গাড়িবহর ব্যবহার, জনদুর্ভোগ এড়াতে দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখা এবং রাষ্ট্রীয় ব্যয়ে সংযম প্রদর্শনের মাধ্যমে তিনি প্রশাসনিক ক্ষেত্রে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন। দায়িত্ব পালনের গত ৯ মাসে বিভিন্ন খাতে জনকল্যাণমূলক কর্মসূচি ও অগ্রগতির কথা তুলে ধরছে সরকার। সংশ্লিষ্টদের মতে, প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের মূল লক্ষ্য।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment