১০ অক্টোবর ২০২৬
-
শুটিং স্পটে না জানিয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
-
ঢাকার দিয়াবাড়ীতে একটি নতুন চলচ্চিত্রের শুটিং চলাকালে শিল্পীর অনুমতি ছাড়া সাংবাদিকদের আমন্ত্রণ জানানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রযোজক আব্দুল আজিজ শুটিং স্পটে সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও এ বিষয়ে পূর্ব কোনো তথ্য জানা ছিল না ফারিয়ার। আকস্মিক এই ঘটিনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, কোনো প্রযোজক, পরিচালক বা প্রোডাকশন হাউস শুটিং স্পটে সাংবাদিকদের আমন্ত্রণ জানালে আগে যাচাই করা প্রয়োজন—আসলেই সেখানে কী উদ্দেশ্যে ডাকা হচ্ছে।
নুসরাত ফারিয়া লেখেন, “আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে ডাকা হচ্ছে? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে?”
শিল্পীদের পেশাদারিত্ব ও সম্মতির বিষয়টি উল্লেখ করে তিনি আরও যোগ করেন, “যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ কোনো পূর্ব অনুমতি নেওয়া হয়েছে কি না—তা শুটিং স্পটে যাওয়ার আগেই সরাসরি শিল্পীর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত।”
শুটিং চলাকালীন একজন শিল্পী কাজের প্রতি পুরোপুরি দায়বদ্ধ থাকেন উল্লেখ করে ফারিয়া জানান, নির্দিষ্ট প্রজেক্টের কাজ চলাকালে পেশাগত কাজের বাইরে সাক্ষাৎকার দেওয়ার জন্য শিল্পীর ব্যক্তিগত সম্মতি ও প্রস্তুতির প্রয়োজন পড়ে।
সাংবাদিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, কোনো এক পক্ষের কথা শুনেই পুরো ঘটনা সত্য ধরে নেওয়া সঠিক নয়। পর্দার আড়ালে এমন অনেক বাস্তবতা থাকে যা বাইরে থেকে বোঝা যায় না এবং অনেক সময় প্রকৃত সত্য আড়াল করে বিষয়গুলো উপস্থাপন করা হয়।


