নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ ও দেওয়ালের পলেস্তারা খসে পড়া এবং বড় বড় ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা। বাধ্য হয়ে জীবনঝুঁকি নিয়ে মাথায় হেলমেট পরে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন কর্মীরা।
ছাদের পলেস্তারা খসে আহত আয়া
স্থানীয় ও কার্যালয় সূত্রে জানা যায়, ভবনটির প্রায় প্রতিটি কক্ষের অবস্থা নাজুক। সর্বশেষ গত রবিবার পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত আয়া সবিতা রানীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে তিনি আহত হন। এই ঘটনার পর সেখানকার কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক আরও বহুগুণ বেড়ে গেছে।
চরম ঝুঁকিতে সেবা নিতে আসা সাধারণ মানুষ
ইউনিয়ন পরিষদের হলরুম ও তথ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিদিন জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি সরকারি সেবা নিতে আসেন অন্তত শতাধিক মানুষ। কিন্তু ভবনে প্রবেশ করলেই ছাদ ধসে পড়ার ভয়ে তটস্থ থাকতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এই জরাজীর্ণ অবস্থা চললেও স্থায়ী কোনো সমাধান না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা


