নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। বিস্তারিত দৈনিক পূর্বাচলে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সোমবারই (১৬ নভেম্বর) শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকালে আবহাওয়া অফিস থেকে প্রকাশিত ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এছাড়া মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান ছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত রয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
গভীর নিম্নচাপের প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়েছে।
- Tags (ট্যাগস):


